নেত্রকোনা প্রতিনিধি | ৬ মে ২০২৫
নেত্রকোনার বারহাট্টা উপজেলার রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন (৭) হেন ট্রলির চাপায় নিহত হয়েছে। সোমবার (৫ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে রৌহা গ্রামের একটি মাটির রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, মাটিবাহী হেন ট্রলির পেছনের চাকার নিচে পড়ে যায় শিশু মনির। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ময়মনসিংহে পৌঁছানোর আগেই রাতে শিশুটি মৃত্যুবরণ করে।
নিহত মনির হোসেন গুলিয়া গ্রামের আব্দুস সালামের একমাত্র ছেলে।
রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, “বেলা ৩টার দিকে দুর্ঘটনার খবর পাই। রাত ১০টা ৪০ মিনিটে জানতে পারি মনিরের মরদেহ ময়মনসিংহ থেকে নেত্রকোনা আনা হচ্ছে।”
হেন ট্রলিটির চালকের নাম মাসুদ মিয়া ওরফে মাস্কু মিয়া, সে আসমা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, “আমি বর্তমানে ছুটিতে আছি। তবে আমাদের ওসি তদন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। পরিবার জানিয়েছে, তারা থানায় কোনো অভিযোগ দেবে না। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাউথ বাংলা ডেস্ক 

























