জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম (গ্রেড-১)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পঞ্চগড়-এর উপপরিচালক (অ.দা.) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন। এছাড়া উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া, আনসার ভিডিপি প্রশিক্ষক জয়শ্রী রায়সহ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার সাতটি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে তাদের পেশাগত দায়িত্ব, আচরণ, আইনি জ্ঞান ও নিরাপত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশের সার্বিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তা ও সুশাসন বজায় রাখতে তারা আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
সাউথ বাংলা ডেস্ক 
























