নিজস্ব প্রতিবেদক, নাগরপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। দীর্ঘদিন ধরে ডিম দেওয়া একটি মুরগি হঠাৎ করে পুরুষ মোরগে রূপান্তরিত হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা যায়, ঘিওরকোল গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন রতনের বাড়িতে পালিত মুরগিটি নিয়মিত ডিম দিত এবং একাধিকবার বাচ্চাও ফুটিয়েছে। তবে গত কয়েকদিন ধরে মুরগিটির আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎ করেই মুরগিটি মোরগের মতো ডাকতে শুরু করে এবং তার শরীরে পুরুষ মোরগের বৈশিষ্ট্য—যেমন ঝুঁটি, শক্ত পালক এবং মোরগসুলভ চলাফেরা—উল্লেখযোগ্যভাবে গড়ে ওঠে। গত ৮-১০ দিন ধরে ডিম দেওয়াও বন্ধ হয়ে যায়।
মালিক আমজাদ হোসেন জানান, “মুরগিটি প্রায় এক বছর ধরে আমাদের বাড়িতে আছে। আচমকা তার পরিবর্তন দেখে আমরা বিস্মিত।”
তাঁর স্ত্রী মোছা. লাখী তালুকদার বলেন, “মুরগিটি আমাদের পরিবারের এক সদস্যের মতো ছিল। এখন যেন সে পুরোপুরি মোরগে রূপ নিয়েছে।”
ঘটনার কথা ছড়িয়ে পড়লে প্রতিদিন অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন ঘটনাস্থলে।
এ বিষয়ে এক অভিজ্ঞ প্রাণিচিকিৎসক বলেন, “এটি ‘Spontaneous Sex Reversal’ নামে পরিচিত একটি বিরল হরমোনজনিত ঘটনা। সাধারণত মুরগির ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হলে শরীরে পুরুষ হরমোন বাড়তে থাকে, ফলে ধীরে ধীরে মোরগের বৈশিষ্ট্য দেখা দেয়।”
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ একে অলৌকিক বললেও বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রকৃতির এক বৈজ্ঞানিক ব্যতিক্রম।
সাউথ বাংলা ডেস্ক 

























