রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলায় কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা আরও চার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগের দিন (৫ মে) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়কে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন আদালত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভুঁইয়া বলেন, “আইনজীবী হত্যা, পুলিশের কাজে বাধাদান, আদালত প্রাঙ্গণে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিল তদন্ত সংস্থা। আদালত তা মঞ্জুর করেছেন।”
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়, যেখানে চিন্ময়সহ ১৮ জনকে আসামি করা হয়। পরে ২৫ নভেম্বর তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ।
তার জামিন নামঞ্জুর হওয়ায় চট্টগ্রাম আদালতের সামনে ভক্তদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ বাধে। সেই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও ককটেল বিস্ফোরণসহ আরও পাঁচটি মামলা হয়।
এই ছয় মামলায় মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ দাবি করেছে।
সাউথ বাংলা ডেস্ক 




















