চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শত্রুতার জেরে দুই কৃষকের প্রায় ৫২০টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক দুই ভাই—ফারুক হোসেন (৩২) ও শাহিন আহমেদ (৩১)—বাঁকা পশ্চিম পাড়ার বাসিন্দা এবং খয়বার মণ্ডলের পুত্র। তারা জানান, এক বছর আগে বাঁকা গ্রামের ইন্তাজ আলীর কাছ থেকে প্রতিবছর ২৫ হাজার টাকার বিনিময়ে দুই বিঘা জমি লিজ নেন। পরে সেখানেই স্বপ্ন বুনে ৫২০টি উন্নত জাতের পেয়ারা গাছ রোপণ করেন।
পরিশ্রম করে গড়ে তোলা এই বাগানে এবছর ফুল ও ফল আসতে শুরু করেছিল। কিন্তু এক রাতেই সেই স্বপ্নভঙ্গ—সব গাছ কেটে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
কৃষক ফারুক হোসেন বলেন, “আমি প্রায় তিন লক্ষ টাকা খরচ করে এই পেয়ারা বাগান তৈরি করেছি। কারও সাথে কোনো শত্রুতা নেই, তবুও এই অমানবিক হামলা হলো। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের আশা করেছিলাম, সব শেষ হয়ে গেল।”
অপর কৃষক শাহিন আহমেদ বলেন, “এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। গাছে ফুল-ফল আসছিল, কিন্তু রাতের আঁধারে সব শেষ করে দিল দুর্বৃত্তরা। আমরা জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কৃষক সমাজ বিষয়টিকে কৃষির প্রতি চরম আঘাত হিসেবে দেখছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন, পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাউথ বাংলা ডেস্ক 
























