রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে, যার ফলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর একটি বগির চাকা হঠাৎ ভেঙে যায় এবং চারটি চাকা লাইন থেকে নিচে নেমে পড়ে। এতে ট্রেনটি থেমে যায় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই রেলওয়ের কারিগরি টিম দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী মামুন আলী বলেন, “স্টেশনে ঢোকার সময় হঠাৎ বিকট শব্দ শুনি। পরে দেখি একটি বগি লাইনচ্যুত হয়েছে। যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়ে।”
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, “আমরা দ্রুত উদ্ধার কাজ শেষ করেছি। এখন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
এ ঘটনায় যাত্রীদের মাঝে ভোগান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ব্যবস্থাপনায় বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সাউথ বাংলা ডেস্ক 

























