দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে যুক্ত হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি ডাবল ডেকার বাস। আগামী ১ নভেম্বর থেকে বাস দুটি নিয়মিত চলাচল শুরু করার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ জানিয়েছেন, আজ পরীক্ষামূলকভাবে একটি ডাবল ডেকার বাস পবিপ্রবিতে আনা হয়েছে। বাসটি বিআরটিসির বরিশাল ডিপোর। বরিশাল-পবিপ্রবি রুটে বাসটি চলাচলের উপযোগিতা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ে বাস দুটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় যুক্ত হবে। এ সময় আরও উন্নতমানের বাস আনার পরিকল্পনাও রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিদ্যমান সংকট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যাতায়াতব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা-সহায়ক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের।
Reporter Name 




















