কুমিল্লা প্রতিনিধি:
ফেসবুকে মোটরসাইকেলের ছবি দিয়ে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার প্রায় ১০ মিনিট পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইশাত আহমেদ (কিশোর)। মর্মান্তিক এ ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইশাত আহমেদ উপজেলার মক্রবপুর পূর্বপাড়া গ্রামের ওমানপ্রবাসী ইলিয়াছ হোসেন মিয়াজির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় ইশাত। পরে তার মৃত্যু হয়।
এর কিছুক্ষণ আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মোটরসাইকেলের ছবি দিয়ে ‘গতিতেই শান্তি’ স্ট্যাটাস দিয়েছিল ইশাত। দুর্ঘটনার পর ওই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আরও হৃদয়বিদারক হয়ে ওঠে।
ইশাতের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।
মোঃ রিয়াজুল ইসলাম 

























