নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিরাতুন্নবী (সা.)-২০২৬ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কৃষি অনুষদের ডিন এবং সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এম. জহুরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। এছাড়া বক্তব্য দেন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার এবং কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও অনুকরণীয় ব্যক্তিত্ব মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি শুধু ধর্মের প্রচারকই ছিলেন না; তিনি ছিলেন আদর্শ সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক ও মানবতার মূর্ত প্রতীক। অন্ধকার ও বর্বরতার যুগে তিনি আলোকোজ্জ্বল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, মহানবী (সা.)-এর প্রদর্শিত আদর্শ ও নৈতিকতা দৈনন্দিন জীবনে ধারণ ও লালন করতে পারলে একটি সুন্দর, সাম্যভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব। তাঁর জীবন আমাদের ভালোবাসা, ন্যায়বিচার ও নৈতিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনের শিক্ষা দেয়। তাঁর নম্রতা, পরোপকার, সদাচার ও দেশপ্রেমের মতো গুণাবলি বাস্তব জীবনে চর্চার মাধ্যমে মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Reporter Name 




















