নিজস্ব প্রতিবেদকঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ২১১ দশমিক ৫ শতাংশ অর্জন করে দেশের উপজেলা পর্যায়ে শীর্ষে রয়েছে উপজেলাটি।
মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, জুলাই মাসে গলাচিপা উপজেলায় ৪২৮টি জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৩৭টি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। একই সময়ে ১১৬টি মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৩১৮টি মৃত্যু নিবন্ধন করা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে উপজেলার সার্বিক অর্জন দাঁড়িয়েছে ২১১ দশমিক ৫ শতাংশ।
এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার দাকোপ উপজেলা। জুলাই মাসে উপজেলার অর্জন ১৩০ শতাংশ।
শুধু উপজেলা পর্যায়েই নয়, বিভাগ ও জেলা পর্যায়েও সাফল্য পেয়েছে বরিশাল অঞ্চল। জুলাই মাসে ৭৭ দশমিক ৫ শতাংশ অর্জন নিয়ে বিভাগ হিসেবে সারাদেশে প্রথম হয়েছে বরিশাল বিভাগ। আর ১১৩ দশমিক ৯ শতাংশ অর্জন করে জেলা পর্যায়ে প্রথম হয়েছে পটুয়াখালী।
দেশসেরা হওয়ার প্রতিক্রিয়ায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে যুক্ত সবাই নিরলসভাবে কাজ করেছেন। আমি টিম লিডার হিসেবে কাজের তদারকি করেছি মাত্র। সবার সমন্বিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
এর আগে টানা দুই মাস বরিশাল বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হন আবুজর মো. ইজাজুল হক। এছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা পর্যায়ে বর্ষসেরা এবং নিজে বর্ষসেরা ইউএনও হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আহসান হাবিব বলেন, সারাদেশের মধ্যে বিভাগ, জেলা ও উপজেলা—তিন পর্যায়েই বরিশাল অঞ্চলের শীর্ষস্থান অর্জন অত্যন্ত আনন্দের খবর। জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সফলতা এসেছে।
Reporter Name 


















