কিশোরগঞ্জে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু রহস্য
কিশোরগঞ্জ জেলা সদরের একটি মৎস্য খামার থেকে সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় নিজ মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুল আলম অনিক (৩৪) ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি প্রায় ১২ বছর আগে পুলিশে চাকরিতে যোগ দিলেও দুই বছর পর চাকরি ছেড়ে কৃষিকাজে যুক্ত হন এবং দুই-তিন বছর আগে মাছ চাষ শুরু করেন।
নিহতের বন্ধু আশরাফুল ইসলাম জনি জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি খামারের পাশ থেকে গরুর ঘাস কাটতে যান। কিন্তু সন্ধ্যা হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে ঘাস এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় খামারের পুকুরে জাল ফেলে তল্লাশি চালিয়ে পানিতে ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ রিয়াজুল ইসলাম 



















