নাওগাঁ প্রতিনিধি: নওগাঁর দুই উপজেলায় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) বদলগাছী উপজেলায় খালের পানিতে ডুবে এক নবদম্পতির মৃত্যু হয়। একই দিন সকালে আত্রাই উপজেলার নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের একটি খালে গোসল করতে নেমে নুর ইসলাম (২২) পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখে খালের পাড়ে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) স্বামীকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে ঝাঁপ দেন। কিন্তু স্রোত ও গভীর পানিতে তলিয়ে গিয়ে তিনিও নিখোঁজ হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তার স্ত্রী সুমাইয়া আক্তার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। শনিবার বিকেলে নুর ইসলাম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, স্থানীয়রা দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে একই দিন সকালে আত্রাই উপজেলার বান্দাইখাড়া সরদারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে লিমন নিজ কক্ষে ঘুমাতে যান। রবিবার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 




















