নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিং ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষি অনুষদের তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে শহীদ জিয়াউর রহমান হল-১ এ কৃষি অনুষদের প্রথম সেমিস্টারের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে র্যাগিংয়ের ঘটনা ঘটে। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে শৃঙ্খলা কমিটির ৪১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ অক্টোবরের সভা শেষে মঙ্গলবার (২৯ অক্টোবর) এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও সহায়তার দায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন। একই ঘটনায় মাৎস্যবিজ্ঞান অনুষদের ৪র্থ সেমিস্টারের নাফিউল আলম নাহিদ ও কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের ফারিয়া আক্তার নাতাশা এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এ আদেশ ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অনুমোদন করেন।
প্রশাসনের এক কর্মকর্তা জানান, র্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে।
সাউথ বাংলা ডেস্ক 




















