নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালীর দুমকী উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চলছে ৩ দিনব্যাপী বইমেলা।
শুক্রবার শুরু হয়ে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ মেলা।
বইপ্রেমী শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের পদচারণায় জমে উঠেছে মেলার চত্বর।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) মেলার দ্বিতীয় দিনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিকেলে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আগামীকাল বিকেল ৫টায় রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বইয়ের ওপর ৩০% ও অন্যান্য প্রকাশনার বইয়ের ওপর ২৫% মূল্য ছাড় চলছে।
ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক জান্নাতুল নাঈম সাউথ বাংলাকে জানান, মেলার উদ্দেশ্য হলো— পাঠাভ্যাস বৃদ্ধি, সাহিত্যচর্চা ও সৃজনশীল মনন গড়ে তোলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক জানান, “বই আমাদের জ্ঞানের আলোয় আলোকিত করে, তাই সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”
সাউথ বাংলা ডেস্ক 



















