সজিব সরদার, নিজস্ব প্রতিনিধি||
উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গঠন ও ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বরিশালে শুরু হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্স কোর্সের প্রথম ধাপ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বরিশাল জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে কোর্সটির উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি, বিএএম।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে দক্ষ ও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজে অবদান রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশংসনীয় কাজের জন্য ভাতাভুক্ত দলনেতা/দলনেত্রী ও আনসার কমান্ডারদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন রেঞ্জ কমান্ডার। পরে জেলা কমান্ড্যান্টের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার সদস্য এবং ১০০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
সাউথ বাংলা ডেস্ক 




















