ছবির ক্যাপশন: ধ্বংস করা মাদকের একটি অংশের সামনে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা।
ছবি: সংগৃহীত
তারিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি||
কক্সবাজারের টেকনাফে ৪৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ শুক্রবার (১৬ মে) দুপুর ১২টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদক ধ্বংসের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সময়ে কোস্টগার্ডের টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, সেন্টমার্টিন ও শাহপরী দ্বীপ আউটপোস্টে একক ও যৌথভাবে চালানো ১২টি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৫ হাজার ৪৯০ পিস ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ কোটি টাকা।
লে. কমান্ডার তানভীর আরও বলেন, “মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা সমুদ্র উপকূলসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জারি রেখেছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।”
এছাড়া স্থানীয় প্রশাসন জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
সাউথ বাংলা ডেস্ক 




















