পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদের মনোনয়ন ঘিরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও জামায়াতের কার্যালয়সহ কমপক্ষে ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেবোত্তর বাজার এলাকায় দফায় দফায় এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা জানান, কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপি নেতা আছিম উদ্দিন মনোনয়নপত্র তুললে কিছুক্ষণ পর জামায়াত নেতা নকিবুল্লাহসহ অন্যরা একই পদে মনোনয়ন তুলতে যান। এ সময় বিএনপি নেতারা বাধা দিলে শুরু হয় কথাকাটাকাটি ও হাতাহাতি। একপর্যায়ে জামায়াতের একজন নেতাকে মারধর করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
জামায়াতপন্থী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। পরে বিএনপির নেতাকর্মীরা পাল্টা মিছিল করে জামায়াত অফিসেও ভাঙচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আহতদের মধ্যে বিএনপির মামুন (৪২), কামরুল ইসলাম (৩৮), আছিম উদ্দিন (৫৫), রতন মোল্লা (৩৮) এবং জামায়াতের সাইদুল ইসলাম (৪২)-এর নাম জানা গেছে। আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার বিষয়ে বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন। আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, “জামায়াত আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়েছে। ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে ঘটেছে।”
অন্যদিকে উপজেলা জামায়াতের আমির নকিবুল্লাহ বলেন, “আমাদের মনোনয়ন তুলতে বাধা দেওয়া হয় এবং নেতাকে মারধর করা হয়। পরে বিএনপির লোকজন মসজিদের পাশেই গুলি ও বোমা ফাটায়।”
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুজ্জামান বলেন, “উভয়পক্ষ অফিস ভাঙচুর করেছে, সংঘর্ষও হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম জানান, মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে কলেজের বাইরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে কলেজের নির্বাচন নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে।
সাউথ বাংলা ডেস্ক 






















