উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে “ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় জাটকা সংরক্ষণে ৮ মাসব্যাপী কার্যক্রম উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বিকেল ৪টায় বড়াকোঠা ইউনিয়নের চথলবাড়ী বাজারে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এবং সঞ্চালনায় ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস. এম. আলাউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা আব্দুল খালেক, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, ফেডারেশন সভাপতি এসডিএফ মো. মোরশেদ মৃধা, ব্যবস্থাপক রুস্তম আলী, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. মাহবুব আলম এবং জেলেদের পক্ষে মো. মানিক খান।
বক্তারা বলেন, ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের নিচের ইলিশ ‘জাটকা’ নিধন দেশের ইলিশ উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। তাই জাটকা সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার ওপর জোর দেন তাঁরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, “নিষিদ্ধ জাল দিয়ে মাছ আহরণ ও তা ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ এই আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই সচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জেলেসহ সাধারণ জনগণের মধ্যে জাটকা সংরক্ষণ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয় বলে আয়োজকরা জানান।
সাউথ বাংলা ডেস্ক 
























