ভোলা প্রতিনিধি||
“দাবি মোদের একটাই, ভোলা-বরিশাল সেতু চাই” — এই স্লোগানে ভোলার চরফ্যাশনে মশাল মিছিল করেছে ‘ভোলা-বরিশাল সেতু চাই ঐক্যফোরাম’। রোববার (৪ মে) সন্ধ্যা ৭টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন স্থানীয় আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ। তাদের একটাই দাবি—বরিশালের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য ভোলার জনগণের দীর্ঘদিনের স্বপ্ন, ভোলা-বরিশাল সেতুর দ্রুত বাস্তবায়ন।
এর আগে ১৯ এপ্রিল চার দফা দাবিতে ভোলার ইন্ট্রাকো কোম্পানির কাভার্ডভ্যান আটকের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। ওই দাবিগুলোর মধ্যে ছিল—ভোলায় আবাসিক গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণ। এরপর ২০ এপ্রিল “আগামীর ভোলা” সংগঠনের বিক্ষোভ ও ২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চরফ্যাশনের রোববারের মশাল মিছিল সেই ধারাবাহিক আন্দোলনেরই অংশ।
সাউথ বাংলা ডেস্ক 
























