ভোলা প্রতিনিধিঃ
জমি বন্ধকের টাকার বিরোধে দোকানে তালা মারাকে কেন্দ্র করে হামলার ঘটনায় জন্য মো: শাজাহান (৬৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) পূর্ব ইলিশা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় সকালে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান উপজেলার পূর্ব ইলিশা ইউনয়নে ৬ নম্বর ওয়ার্ডের চর আনন্দ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, মৃত. সুলতান আহমেদ চকিদারের ছেলে শাজাহান মিয়া একই এলাকার সিরাজ মাঝির কাছে নাল জমি বন্ধক রেখে ৪ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু ওই জমি থেকে জুলাই-আগস্টের পর বে-দখল হয়ে যান জমির মালিক শাজাহান মিয়া। পরবর্তীতে বন্ধকী জমির টাকা দাবী করেন অভিযুক্ত সিরাজ মাঝি। সেসুবদে শাজাহান মিয়া ১ লক্ষ টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা পর্যায়ক্রমে নিবেন এমন শর্ত সিরাজ মাঝি মেনে নেন।
নিহতের মেয়ে জানান, তার বাবার মালিকানাধীন দোকানে তালা মেরেছে শুনে সকালে ঘুম থেকে উঠে দোকানের কাছে গেলে সিরাজ ও তার ছেলে সামিম, রুবেলসহ আরো কয়েকজন মিলে মারধর করেন, এতে তার বাবা সেখানে অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী বলেন, সিরাজ ঘুষি দিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
নিহতের ছোট ভাই বাবুল চৌকিদার জানান, তার ভাইকে সিরাজ একটি ঘুষি মারছে শুনেছি, এর পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ বিষয়ে অভিযুক্ত সিরাজ মাঝির বক্তব্য জানতে তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে অভিযুক্ত রুবেল মাঝি বলেন, আমার বাবা দোকানে তালা মেরেছে সঠিক, কিন্তু তাকে (শাহাজাহান) মারধর করেননি।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, নিহত শাজাহান ও সিরাজের সঙ্গে টাকার পাওনা-দেনা নিয়ে ঝামেলা ছিল। এ বিষয় নিয়ে দুই জনের মধ্যে তর্ক-বিতর্ক ও মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও স্থানীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
সাউথ বাংলা ডেস্ক 




















