প্রত্যক্ষদর্শী এবং নিহত শিক্ষার্থীর সহপাঠী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘জাহিদুল প্রাইম এশিয়ার গলিতে চা-সিঙারা খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে দুইজন মেয়েও ছিলেন। এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী এরাও ছিলেন।’হঠাৎ করে ছেলেগুলো পারভেজকে বলছে, তুমি এর দিকে কেন তাকিয়েছো। পরে আমার বন্ধু পারভেজ বললো যে, ভাই আমরা এর দিকে তাকাইনি। এরপর এটা নিয়ে কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। তখন স্যাররা তাদের নিয়ে যান মিটমাট করিয়ে দেয়। এই হলো ঘটনার সূত্রপাত।
এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পেটে হাত রাখা অবস্থায় পারভেজকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার আশপাশে কয়েকজন উদ্বিগ্ন অবস্থায় তার সাড়া পাওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় পরে জাহিদুলকে উদ্ধার করে সহপাঠীরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আইন বিভাগের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোহাম্মদ মাফরাজ বলেন, আমাদের ক্যাম্পাসের নানান সমস্যা বহুদিন ধরেই চলে আসছে। কিছু ঘটলেই বহিরাগতদের এনে পরিস্থিতি আরো অস্থিতিশীল করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার প্রধান তিনজন মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী বিষয়টির মোড় ঘোরায়। তারা হাজারীপাড়া এলাকার স্থানীয় কিছু টোকাই ছেলেদের নিয়ে আসে এবং জাহিদুলের ওপর হামলা চালায়।
এসময় জাহিদুল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। পরে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
থানা সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।
টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরাও অভিযোগ করেন, জাহিদুলকে বহিরাগতদের নিয়ে এসে হামলা করা হয়েছে। এ সময় তার বুকে ছুরি মেরে তারা তাকে খুন করে।
বৈষম্যবিরোধীদের জড়িত থাকার বিষয়টি নিয়ে একই বিভাগের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন শিক্ষার্থী ছিলেন ঘটনার সময়। তবে তারা হামলার সঙ্গে জড়িত কিনা, সেটা আমাদের জানা নেই।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি এবং আসামিদের গ্রেফতারের চেষ্টাও চলছে
প্রসঙ্গত, শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ খুন হন।এ ঘটনায় রোববার (২০ এপ্রিল) জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সাউথ বাংলা ডেস্ক 























