পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভার দক্ষিণ সবুজবাগ প্যাদা বাড়ির পেছনে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছারখার হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুড়ে যাওয়া ঘরগুলোতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন খাদিজা বেগম, মনিরা বেগম, মশিউর রহমান ও মোশারফ মেধ্যা। আগুনে তাদের চারটি বসতঘরই পুড়ে ছারখার হয়ে গেছে। এসব জমির মালিক এনামুল হক।
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রাজিব দেওয়ান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ আহত হননি। তবে চারটি বসতঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।
Reporter Name 




















