মোঃ নাজমুল ইসলাম
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ৭ বছরেও শেষ হয়নি। ২০১৯ সালের জুনে কার্যাদেশ দেওয়া হলেও ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার শর্ত পূরণ করতে পারেনি প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান।
গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত মাত্র প্রায় ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়। পরে কাজ বন্ধ হয়ে গেলে রি-টেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদারি পক্ষকে কাজ দেওয়া হয়।
বর্তমানে নির্মাণকাজ চললেও গতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত কাজ শেষ করার পাশাপাশি নির্মাণসামগ্রীর মান নিশ্চিত করতে হবে।
হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিব উল্লাহ জানান, ২০২৪ সালে পুনরায় কাজ শুরু হয়েছে এবং ২০২৭ সালের মার্চে প্রকল্পটি হস্তান্তরের কথা রয়েছে।
বর্তমান ঠিকাদারি পক্ষের মো. হেমায়েত হোসেনের দাবি, নির্মাণকাজে গুণগত মান বজায় রাখা হচ্ছে। শ্রমিকরা ছুটি থেকে ফিরলে কাজ পুরোদমে চলবে বলেও জানান তিনি।
হবিগঞ্জের অন্যান্য উপজেলায় বেশ কয়েকটি মডেল মসজিদের নির্মাণকাজ শেষ হলেও বাহুবলের প্রকল্পটি দীর্ঘদিনেও শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
Reporter Name 




















