পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস সড়কের পাশের খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫ নম্বরের বাসটি খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বাসটি দ্রুতগতিতে চলছিল এবং চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বাস থেকে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি আংশিকভাবে পানিতে নিমজ্জিত রয়েছে। বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
Reporter Name 




















