নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বদরপুর ইউনিয়নের গাবুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই একটি লরি খাদে পড়ে বিদ্যুতের পিলারে সজোরে ধাক্কা দিয়েছে। এতে লরিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও হেলপার ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে কুয়াকাটাগামী রডবোঝাই বড় লরি ট্রাকটি (চট্ট মেট্রো ঙ-৮১৪৫৮১) গাবুয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে বিদ্যুতের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের লিডার সুবোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় হাইড্রোলিক পাওয়ার কাটার, র্যামজ্যাক ও স্প্রেডারসহ আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে দুর্ঘটনাকবলিত লরির ভেতর থেকে আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—লরির হেলপার আবুল হাসেম (৫০), পিতা মো. ইসমাইল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড, সন্দ্বীপ পৌরসভা, চট্টগ্রাম। চালক আব্দুল হালিম (৬০), পিতা মৃত সফিজ উদ্দিন, খলিশাখালী, মন্ডলগাতী, মোহাম্মদপুর, মাগুরা।
উদ্ধারের পর গুরুতর আহত দুজনকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালিত উদ্ধার অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ সময় স্থানীয়রা লিডার সুবোধ চন্দ্র মন্ডলসহ উদ্ধারকারী দলের সদস্যদের প্রশংসা ও ধন্যবাদ জানান।
Reporter Name 




















