মোঃ সজিব সরদার
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বর্তমান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) মো. কবির সিকদার স্বাক্ষরিত এ আদেশ জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালনকালে প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধি-বিধান অনুযায়ী রেজিস্ট্রারের ওপর অর্পিত সব দায়িত্ব পালন করবেন এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকাকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে।
অফিস আদেশে নবনিযুক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এবং প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানকে পারস্পরিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, পরিচালকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দপ্তরে এ অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
শিরোনাম :
প্রশাসনে পরিবর্তন: পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্বে প্রফেসর জামাল হোসেন
-
Reporter Name - Update Time : ১০:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- ১৪ Time View
Tag :
Popular Post





















