নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ জুলাই সকালে সদর উপজেলার দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে লাঠি ও কাঠের রোঁয়া দিয়ে পেটানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।
এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন (সিআর নম্বর ১১৩৯/২০২৬)। মামলায় দক্ষিণ বাদুরা এলাকার বাসিন্দা মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়। প্রাণিকল্যাণ আইন ২০১৯-এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি রুজু হয়।
বাদী ডা. আতিউর রহমান জানান, ভাইরাল ভিডিও দেখেই তিনি বিষয়টি জানতে পারেন এবং যাচাই শেষে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনি পদক্ষেপ নেন।
বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা আশা করছেন।
মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক আসামিদের গ্রেপ্তারের আদেশ দেন।
মোঃ রিয়াজুল ইসলাম 




















