সাউথ বাংলা ডেস্ক ||
নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হয়ে থাকা দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ এলাকার যুবক জহিরুল ইসলাম এর মরদেহ বিকেলে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় জহিরুল বালুভর্তি বাল্কহেডের ভেতরে ঘুমন্ত ছিলেন। ভোরের দিকে বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ নামের যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার কারণে বাল্কহেডটিকে দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা দিলে তিনি নদীতে পড়ে যান। ঘটনাস্থলে পাঁচজন শ্রমিক পড়ে যান; তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জহিরুল সহ দুই শ্রমিক নিখোঁজ ছিলেন।
নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল পর্যন্ত জহিরুল ইসলাম ও অপর শ্রমিক হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই দুর্ঘটনার খবর পেয়ে দুমকীর ভাঙ্গা ব্রিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নৌ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নদীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
সাউথ বাংলা ডেস্ক 










