সাউথ বাংলা ডেস্ক ||
টঙ্গীর গরুহাটা রেললাইনের পাশে একটি কার্টুন—তার ভেতর থেকে উঁকি দিচ্ছিল মানুষের পায়ের আকার। স্থানীয় এক পথচারীর চোখে পড়ে অস্বাভাবিক দৃশ্যটি। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। শনিবার সকাল সাড়ে ১০টা। কয়েক মিনিটের মধ্যেই রেললাইনপাড়ের এলাকা ভরে যায় উৎসুক জনতায়। শুরু হয় তোলপাড়।
প্রথমে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ছুটে আসে। পরে জানা যায়, জায়গাটি রেলওয়ের অধিক্ষেত্র। খবর যায় রেলওয়ে পুলিশের কাছে। টঙ্গী রেলওয়ে ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ এসে কার্টুন খুলতেই মিলল সত্যি সত্যি মানুষের একটি বাম পা—রক্তমাখা, সদ্য কাটা মনে হওয়ার মতো ভয়াবহ দৃশ্য।
ইনচার্জ জিন্নাহর কথায়, “পাটি পুরুষ না নারীর—তা এখনই বলা যাচ্ছে না। তবে আলামত দেখে মনে হচ্ছে খুব বেশি সময় হয়নি কাটা হয়েছে। কার্টুনেও ছিল তাজা রক্তের দাগ। ঘটনাটি আজকের মধ্যেই ঘটেছে বলেই মনে হচ্ছে।”
শুধু রেলওয়ে পুলিশ নয়—ঘটনাস্থলে পৌঁছেছে র্যাব, সিআইডি, পিবিআইয়ের দলও। তারা কার্টুন, রক্তের দাগ, মাটির নমুনা—সব সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে যোগসূত্র আছে কি না, কিংবা এটি কোনো ভয়ংকর অপরাধচক্রের অংশ—সবদিকেই তাকিয়ে তদন্ত চলছে।
স্থানীয়দের মনে আতঙ্ক। কেউ বলছেন, রাতের অন্ধকারে কে বা কারা পা ফেলে গেছে। কেউ বলছেন, এটি হয়তো কোনো বড়সড় অপরাধের ইঙ্গিত। কিন্তু নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছেন না।
এরই মধ্যে এলাকা জুড়ে কানাঘুষা—কার পা? কোথায় বাকি দেহ? কেন এমন নৃশংসতা?
রেলওয়ে পুলিশ বলছে, রহস্য উদঘাটনে সব সংস্থা একসঙ্গে কাজ করছে। দায়ীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তদন্ত চলবে।
সাউথ বাংলা ডেস্ক 










