নিজস্ব প্রতিবেদক ||
বরগুনার আমতলীতে ডাকাতির চেষ্টা করতে এসে ধরা পড়েছেন পাবনার এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার আঠারোগাছিয়া গ্রামের ‘হাজার টাকার বাঁধ’ এলাকা থেকে আমিরুল ইসলাম (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোরকান শেখের ছেলে।
পুলিশ জানায়, ভোররাতের অন্ধকারে আমতলীর ঘটখালী এলাকার ব্যবসায়ী মঞ্জু কাজীর দোকানে হানা দেয় একদল ডাকাত। দোকানের ভেতরে শব্দ পেয়ে মঞ্জু কাজী ডাক দিলে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা চারদিকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আঠারোগাছিয়া এলাকার বাঁধের দিক থেকে পালানোর সময় আমিরুলকে আটক করে পুলিশে দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। একই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ আরও একজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “ডাকাতদের ধরতে এলাকাবাসীর সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের তথ্যের ভিত্তিতে একই দলের আরেক সদস্যকে মহিপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুরো ডাকাত দলের পরিচয় উদঘাটনে অভিযান চলছে।”
সাউথ বাংলা ডেস্ক 




















