ডেস্ক রিপোর্ট ||
পটুয়াখালী-২ (বাউফল) আসনের গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. আমজাদ হোসেন (৬৮) গত রাতে না–ফেরার দেশে চলে গেলেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
মরহুমের ছোট ছেলে এসএম ফরহাদ জানান, “আমাদের বাবা সারাজীবন দেশকে ভালোবেসে কাজ করেছেন। সবকিছু খুব দ্রুত বদলে গেল। সর্বোচ্চ চেষ্টা করেছি চিকিৎসা দিতে, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়ে নিলেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।”
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন আমজাদ হোসেন। প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরে লেবুখালী ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, তার কিডনির জটিলতা ও পানিশূন্যতা দেখা দিয়েছে, ডায়ালাইসিস জরুরি। ক্যান্টনমেন্টে সুবিধা না থাকায় তাকে ঢাকার সিএমএস হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বরিশালে পৌঁছানোর আগেই তিনি ইন্তেকাল করেন।
কালাইয়া ইউনিয়নের এই মুক্তিযোদ্ধা মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনের নেতারা, সহযোদ্ধা মুক্তিযোদ্ধারা, সহকর্মীরা এবং সাধারণ মানুষ তার বিদায়ে শোক প্রকাশ করেছেন।
সাউথ বাংলা ডেস্ক 




















