নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-তে সহায়ক কর্মচারীদের জন্য ‘Professional Ethics and Code of Conduct for Support Staff’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানি।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম বলেন, “পেশাগত জীবনে নৈতিকতা শুধু ব্যক্তির সততা ও দায়িত্ববোধের প্রতিফলন নয়, এটি পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও নির্ধারণ করে। নিয়ম মেনে কাজ করলে প্রশাসন হবে সেবামুখী ও নৈতিক।” তিনি আরও বলেন, “আজকের প্রশিক্ষণ কর্মশালা কেবল নিয়ম শেখার জন্য নয়, বরং দায়িত্ববোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার জন্যও।”
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে বক্তা হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা।
সকালের সেশনে ড. মো. শফায়েত হোসাইন ‘Writing Clear and Concise Official Notes’ ও ‘Best Practices in Office File and Record Management’ বিষয়ে আলোচনা করেন।
দুপুরের সেশনে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন ‘University Staff Conduct and Responsibility’ বিষয়ে বক্তব্য রাখেন।
পরে অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ ‘Ethics in the Workplace’ এবং হিসাব পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ‘Cash Purchase: Adjustment and Updated VAT-Tax Deduction’ বিষয়ে বক্তব্য দেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সমন্বয় করেন কোর্স ডিরেক্টর অধ্যাপক ড. মাহবুব রব্বানি এবং কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মো. নূর নবী।
প্রশিক্ষণে অংশ নেওয়া সহায়ক কর্মচারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা সরকারি নীতি, আচরণবিধি ও দাপ্তরিক যোগাযোগ সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন, যা ভবিষ্যতে তাদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করতে সহায়ক হবে।
সাউথ বাংলা ডেস্ক 




















