নিজস্ব প্রতিবেদক ||
উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদ সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের ভূমিকা শক্তিশালী করার আহ্বান নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর সপ্তম বার্ষিক কনফারেন্স। শনিবার (২৫ অক্টোবর) টিএসসি কনফারেন্স হলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় উৎসবমুখর ও জ্ঞানসমৃদ্ধ পরিবেশে।
‘উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদের সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা শক্তিশালীকরণ’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সম্মেলনে উপকূল অঞ্চলের টেকসই উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে নানা গবেষণা ও আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন।
স্বাগত বক্তব্যে আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব আলম। তিনি উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নে টেকসই উদ্ভাবন ও আধুনিক ভেটেরিনারি প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি সংস্থা ও শিল্পখাতের প্রায় ২০০ গবেষক, শিক্ষক ও পেশাজীবী এই কনফারেন্সে অংশ নেন। প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, ভ্যাকসিনেশন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)–সহ নানা বিষয়ে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন হয়। এতে গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
সম্মেলনের সদস্য–সচিব ডা. ইব্রাহিম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল বরিশাল, ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. আহসানুর রেজা।
পবিপ্রবি প্রশাসন ও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগিতায় আয়োজিত এই সম্মেলন প্রাণবন্ত আলোচনা, গবেষণাপ্রসূত উপস্থাপনা ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে উপকূলীয় প্রাণিসম্পদ খাতে সমন্বিত উন্নয়ন প্রচেষ্টাকে আরও বেগবান করার অঙ্গীকারে পরিণত হয়।
সাউথ বাংলা ডেস্ক 




















