মামুন হোসেন ভোলা প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে ২০ পিস ইয়াবাসহ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) রাতে চরফ্যাশন বাজারের বটতলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলী গোপনে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঞ্চন আলীর ছেলে এবং উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
সাউথ বাংলা ডেস্ক 




















