নিজস্ব প্রতিবেদক ||
খালার বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল ছোট্ট আলীফ। সেই নদীতেই তিন দিন পর মিলল তার নিথর দেহ।
বুধবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকার লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় আলীফের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আলীফের বাড়ি বরগুনার লাকৈর গ্রামে। তার বাবা নিজাম আকন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর খালার বাড়িতে বেড়াতে এসে গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে পাশের নদীতে আরও কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে আলীফ। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাকে আর উদ্ধার করতে পারেননি।
বুধবার(৮ অক্টোবর) বিকেলে দুমকীর মুরাদিয়া বটতলা খেয়া ঘাটের কাছে নদীতে ভেসে থাকা এক শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দুমকী থানার সহযোগিতায় পটুয়াখালী নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্বজনরা লাশ শনাক্ত করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা এসে শনাক্ত করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।”
আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সাউথ বাংলা ডেস্ক 




















