নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে গলাচিপা থানার পুলিশ স্থানীয় মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি (৪০)-কে গ্রেপ্তার করে।
ঘটনাটি ঘটে সোমবার, গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে ইমরান বয়াতি ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান সরদার মিলে দুই কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বির (১৪)-এর হাত-পা বেঁধে রোদে বসিয়ে রেখে নির্যাতন করেন। পরে তাঁদের হাতে ইলিশ মাছ ধরিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ছবিগুলো ভাইরাল হলে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে।
পরে আবদুল্লাহর নানা শাহজাহান তাঁদের ছাড়াতে গেলে ক্ষতিপূরণ দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাঁকে গালাগাল ও সাদা কাগজে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়। পরে দু’কিশোরকে ছেড়ে দেওয়া হয়।
আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর শাহজাহান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় মামলা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, “মামলা হয়েছে, একজন আসামি গ্রেপ্তার হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সাউথ বাংলা ডেস্ক 




















