নাইম ইসলাম, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি ভ্যারাইটিজ স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউনুস সিকদারের মালিকানাধীন দোকানটি বন্ধ থাকলেও স্থানীয়দের নজরে আসে দোকানের ভিতর থেকে ধোঁয়া এবং আগুনের কুন্ডলির দেখা।
স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে আগুন নেভানোর চেষ্টা করলেও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক ইউনুস সিকদার বলেন, “আমি রাত ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি। রাত ১০টার দিকে এক আত্মীয় ফোন দিয়ে জানালো, দোকানে আগুন লেগেছে। দুঃখজনকভাবে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৬-৭ লাখ টাকার মালামাল ছিল। এটি আমার একমাত্র সম্বল, এখন আমি একেবারে শেষ হয়ে গেছি। সমাজের বিত্তবান এবং সরকারের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি।”
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
সাউথ বাংলা ডেস্ক 



















