দুমকি (পটুয়াখালী) প্রতিবেদক||
দুপুরে খাওয়ার পর নিজ বসত ঘরের সামনের কক্ষে বসে ধূমপান করছিলেন যোগীন্দ্র হাওলাদার (৮০)। হঠাৎ পায়ের ওপর সাপের ছোবল। কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল দৃশ্য। শেষমেশ মৃত্যু হলো প্রবীণ ওই ব্যক্তির।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে।
নিহত যোগীন্দ্র হাওলাদার নিয়মিত ছেলের দোকান দেখাশোনা করতেন। ছেলে জগদীশ হাওলাদার রাজাখালী বাজারে পান-সুপারির ব্যবসা করেন।
স্থানীয় সূত্রের খবর, খাওয়ার পর খাটে বসে বিড়ি টানছিলেন যোগীন্দ্র। খাটের নিচে থাকা একটি সাপ আচমকা পায়ে কামড়ে দেয়। সাপটিকে আর চোখে দেখেনি কেউ।
পরিবারের লোকজন তড়িঘড়ি করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু দেরি হয়ে যায়। হাসপাতালে পৌঁছনোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গ্রামবাসীর ধারণা, সাপে কামড়ের পর আক্রান্ত স্থান রেখে সঠিক স্থানে শক্ত করে বাঁধ না দেওয়া এবং হাঁটাচলা করার কারণে শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে বিষ।
সাউথ বাংলা ডেস্ক 




















