মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি ||
ভোলা জেলার চরফ্যাশনের মাটিতে যেন একদিনের জন্য নেমে এলো প্রশান্তির ধারা—বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হলো বিনামূল্যে চিকিৎসা সহায়তা কর্মসূচি, যা হয়ে উঠল এলাকার মানুষের জন্য আশীর্বাদের মতো।
সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চর-মাদ্রাজ ইউনিয়নের ২০৯ নং পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গড়ে তোলা অস্থায়ী ক্যাম্পে একটানা সেবা চালায় নৌবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দল।
ক্যাম্পে ভিড় জমায় আশেপাশের নারী, পুরুষ, শিশু, এমনকি শীতল চোখে চেয়ে থাকা প্রবীণরাও।
চোখ, চর্ম, হৃদরোগ, শিশুস্বাস্থ্য থেকে শুরু করে ডায়াবেটিস—ছিল বিশেষজ্ঞের পরামর্শ আর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থা। রোগীরা শুধু ওষুধই পাননি, পেয়েছেন মনোযোগ, আশ্বাস আর সম্মানও।
একজন রোগীর কথায় উঠে আসে বাস্তবতা—”অর্থ না থাকলে চিকিৎসা করানো কঠিন। এখানে এসে বিনা পয়সায় ওষুধ ও চিকিৎসা পেয়ে বুকটা ভরে গেছে।”
নৌবাহিনীর প্রতি ছিল তাদের কৃতজ্ঞতার অগাধ প্রকাশ।
উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষাবিদরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াজেদ বলেন, “এটা কেবল চিকিৎসা নয়, এটা এক মানবিক আহ্বান।” তাঁর চোখে নৌবাহিনীর এই উদ্যোগ ‘আস্থা আর ভালোবাসার সেতুবন্ধন’।
চিকিৎসাসেবা শেষে আয়োজিত স্বাস্থ্য-সচেতনতামূলক পরামর্শ সেশনে অংশ নেন স্থানীয়রা। স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে ছিল কার্যকর আলোচনা, সহজ-সরল ভাষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।
সাউথ বাংলা ডেস্ক 



















