ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ইউনিয়নে দক্ষিণ-পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় সমিতি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আ.ফ.ম. নুরুল আমিন (শাহাজাহান)। উদ্বোধক ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাসেম মাস্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিয়া, মাহফুজ মিয়া, শামসুল আলম মিয়া এবং অধ্যক্ষ আজিজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসভাপতি মফিজুল ইসলাম, যুবদল সভাপতি ইকবাল হাওলাদার, সাধারণ সম্পাদক কবির গাজী, স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সোহেল, শ্রমিকদল সভাপতি হারুন আখনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান।
ভূমি জটিলতায় আইনি লড়াই
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান সমবায় সদস্যদের দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত জটিলতা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “আমাদের সদস্যরা অনেকেই ভূমিহীন। সরকারের পক্ষ থেকে বন্দোবস্তপ্রাপ্ত জমিই তাদের একমাত্র ভরসা। কিন্তু কিছু অসাধু দালাল ও ভূমি অফিসের অসৎ কর্মচারীদের সহায়তায় এসব জমিতে ভুয়া ‘দোকর বন্দোবস্ত’ সৃষ্টি করা হয়েছিল।”
তিনি জানান, দালাল চক্র জাল খতিয়ান, পর্চা ও ডিয়ারা ম্যাপ তৈরি করে জমি দখলের পাঁয়তারা চালায়। বিষয়টি জানার পর সমিতির পক্ষ থেকে ভোলা জেলা যুগ্ম দায়রা জজ আদালতে ৫৯৭/১৫ নম্বর মামলা দায়ের করা হয় এবং আদালতের আদেশে জমির সব রেকর্ডপত্র তলব করা হয়। তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ‘দোকর বন্দোবস্ত’ বাতিল করে সমিতির পক্ষে রায় প্রদান করেন।
২০২৪ সালের ৬ মে দেওয়া রায়ে অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি করেন আদালত।
প্রশাসনের সহায়তা চেয়ে একাধিক আবেদন
বজলুর রহমান আরও জানান, জাল দলিল ও খাজনার রশিদ বাতিলের দাবিতে তারা জেলা প্রশাসক বরাবর ১৭ নভেম্বর ২০২৪ এবং ৮ জানুয়ারি ২০২৫-এ পৃথক দুটি আবেদন করেছেন। পাশাপাশি চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) ও জরিপ অধিদপ্তরকেও লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে।
তার ভাষায়, “ভূমিদস্যু চক্র এখনো আমাদের জমি দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সংগঠিত আছি, আইনের মাধ্যমে প্রতিরোধ করছি।”
দোয়া মোনাজাত ও ফসল পরিদর্শন
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং সমিতির সদস্যদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সিরাজুল হক। এতে প্রায় পাঁচ শতাধিক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে অতিথিরা সমিতির চাষকৃত ফসলি জমি পরিদর্শন করেন।
সমিতির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই অফিস ভবন উদ্বোধনের মাধ্যমে সদস্যদের জন্য আরও গতিশীল ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
সাউথ বাংলা ডেস্ক 




















