সাউথ বাংলা ডেস্ক ||
রাজনৈতিক আধিপত্যের জেরে ফের উত্তপ্ত যশোরের ঝিকরগাছা। উপজেলা বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার রক্তাক্ত সংঘর্ষে গড়াল। হামলার শিকার যুবদল কর্মী আরাফাত হোসেন লাল্টু। তাঁর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন। সঙ্গে মাথা ও ঘাড়ে গুরুতর কোপ।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) রাত ৮টার দিকে, নাভারণ ইউনিয়নের চান্দেরপোল মোড়ে। রাজনৈতিক কোন্দল থেকে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লাল্টু ছাড়াও আহত হন তাঁর বাবা মোতালেব হোসেন এবং এক ফুফাতো ভাই।
প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় লাল্টুকে। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল।
আহত লাল্টু উপজেলার গুণনগর গ্রামের বাসিন্দা। তাঁর পরিবার দাবি করছে—এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা।
এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসন বলছে, দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাউথ বাংলা ডেস্ক 




















