তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেলে চলছে খাবার ও সহায়তা কার্যক্রম
বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধ ব্যক্তিদের স্বজনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে তারা রান্না করা খাবার ও জরুরি সহায়তা দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রম চলছে টানা তিন দিন ধরে। ছাত্রদলের নেতারা জানান, প্রতিদিন দুপুর ও রাতে স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী ওষুধ, পানীয় ও অন্যান্য জরুরি সামগ্রীও সরবরাহ করা হচ্ছে।
এই সেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সূর্যসেন হল ছাত্রদলের সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আকতার শুভ। সহায়তায় ছিলেন ঢাবি ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. ইমন মিয়া, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নেতাকর্মীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ছাত্রদলের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। সংগঠনের একাধিক নেতা জানান, ‘এটি আমাদের মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে করা। যতদিন প্রয়োজন, ততদিন আমরা এখানে থাকব।’
সাউথ বাংলা ডেস্ক 























