ঝালকাঠি প্রতিনিধি ||
ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটনে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার মাত্র তিন ঘণ্টার মধ্যে গাছকাটা মামলার প্রধান আসামি মো. মোবারক ফকিরকে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (২৯ জুন) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মৃত মোসলেম আলী ফকিরের ছেলে।
২৭ জুন পূর্ব গুয়াটনে একটি তালগাছ কাটা হয়, যেখানে শতাধিক বাবুই পাখির বাসা ছিল। এতে ডিম ও ছানাগুলো ধ্বংস হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার দুই দিন পর স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় ৩৭৯ ধারায় একটি মামলা করেন (নম্বর-২২)। এতে মোবারকসহ তিনজনকে আসামি করা হয়। একই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন বিভাগের পক্ষ থেকেও একটি মামলা হয়েছে (POR নং ০১/ঝাল/২০২৪–২৫)।
ঝালকাঠি ডিবি পুলিশের ওসি মো. সেলিম উদ্দিন জানান, ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে মোবারককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ সুপার মো. মাহমুদুল ইসলাম বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
সাউথ বাংলা ডেস্ক 




















