ভোলা প্রতিনিধি||
ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি রোধে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২৮ মে) বিকেলে পরিচালিত এই অভিযানে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট রিয়াদ হোসেন (ই), বিএন।
তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ঈদ উপলক্ষে যেন কেউ হয়রানির শিকার না হয়, অতিরিক্ত ভাড়া গুনতে না হয়— সে লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অসাধু চক্রের দৌরাত্ম্য রোধ এবং যাত্রীসেবা নিশ্চিত করতে লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নৌবাহিনীর এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তারা জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে।
সাউথ বাংলা ডেস্ক 




















