সাকিব আহসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি||
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার করনাই রাজভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম সিনজু বালা (৫৪)। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মোবারকপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত মজেন চন্দ্র রায়ের স্ত্রী।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে মরদেহটি দুই দিন আগের। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি।”
স্থানীয়রা জানান, দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরও বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
সাউথ বাংলা ডেস্ক 



















