নিজস্ব সংবাদদাতা, ভোলা:
ভোলার চরফ্যাশনে তাবলীগ জামাতে অংশ নিতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক কিশোরের।
রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে চর কুকরী মুকররি ইউনিয়নের একটি স্থানীয় পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান নাহিয়ান (১৭) নামের ওই শিক্ষার্থী।
নাহিয়ান বরিশালের গৌরনদী উপজেলার নিলখলা টরকি গ্রামের বাসিন্দা। বাবা মো. মাসুদ কাজী। এসএসসি পরীক্ষা শেষে তাবলীগ জামাতে যোগ দিতে চরফ্যাশনের চর পাতিলার কাশেম মেম্বার জামে মসজিদে আসেন তিনি।
সাথীরা জানান, পুকুরে একসঙ্গে গোসল করার সময় হঠাৎ নাহিয়ান তলিয়ে যান। সঙ্গে থাকা এক সাথী তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, নাহিয়ানের মরদেহ তার পরিবার গ্রামের বাড়িতে নিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হঠাৎ এমন ঘটনায় স্থানীয় মসজিদপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সাউথ বাংলা ডেস্ক 




















