মো. শাহজালাল, বরগুনা||
বরগুনার একটি নাশকতা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক খাদ্য উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে পুলিশের পাহারায় তাঁকে বরগুনা জেলা কারাগারে নিয়ে আসা হয়। পরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মনিরুজ্জামানের আদালতে হাজির করা হলে বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে বিক্ষোভ করেন।
আওয়ামী লীগ নেতা শম্ভু পাঁচবারের সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। সে সময় নিউমার্কেট থানায় চলমান আন্দোলনে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আশুলিয়া থানার একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
এরপর থেকে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার বরগুনার মামলায় তাঁকে আদালতে হাজির করা হয়।
২০২৩ সালের ১৭ মার্চ বরগুনা শহরের বিএনপি কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বরগুনা সদর থানায় মামলা হয়। মামলার বাদী ছিলেন প্রয়াত বিএনপি নেতা এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম। মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি শম্ভুকে প্রধান আসামি করা হয়। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।
আদালতে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাউথ বাংলা ডেস্ক 























