ভোলা প্রতিনিধি||
ভোলার চরফ্যাশন উপজেলায় গ্রাম আদালত সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
প্রশিক্ষণে উপজেলার ২১টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা অংশ নেন। তাঁদের গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নারী ও শিশু অধিকারসহ ফৌজদারি ও দেওয়ানি বিষয়ের নানা দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে চুরি, ঝগড়া, মারামারি, সম্পত্তি দখল, পাওনা টাকা আদায় এবং ভরণপোষণ সংক্রান্ত মামলার নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়ন এবং কারিগরি সহায়তায় প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ সদস্যদের বিচারিক সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসান এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রিয়াজ মোর্শেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময় ও খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তবে এর জন্য বিচারিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।’ তিনি আরও বলেন, ইউপি সদস্যদের সক্রিয়তা ও আন্তরিকতাই গ্রাম আদালতের সফলতা নিশ্চিত করবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া ইউপি সদস্যরা জানান, তাঁরা গ্রাম আদালত সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।
South Bangla Desk 



















