কুয়াকাটা প্রতিনিধি||
কুয়াকাটার পর্যটনকেন্দ্র এখন আর শুধু সমুদ্র দর্শনে সীমাবদ্ধ নয়—আবাসিক হোটেলে বসেছে জমজমাট জুয়ার আসর। শুক্রবার (১৬ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটার পাঞ্জুপাড়ায় অবস্থিত লাইট হাউস হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে ৭ জন জুয়াড়িকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১৫ হাজার ৮’শ টাকা। আটককৃতরা সবাই বরিশাল শহরের বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন গোরাঙ্গ মন্ডল (৪০), ভজন দাস (৩৭), সজল ঘরামী (৩৬), দীপঙ্কর চক্রবর্তী (৫০), শাহীন শেখ (৫০), নাসির ফরাজী (৪৫) ও আব্দুল হাই (৫১)।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শনিবার (১৭ মে) সকালে আদালতে পাঠানো হয়েছে।”
পর্যটন এলাকায় এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, আবাসিক হোটেলের নিরাপত্তা ও তদারকি নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
সাউথ বাংলা ডেস্ক 




















