দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় দাম্পত্য কলহের জেরে স্বামীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার আগে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত স্বামী কাওসার (২০) ওই গ্রামের কামাল হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় পরিচয়ের সূত্র ধরে প্রেম থেকে তাদের বিয়ে হয়।
বৃহস্পতিবার দুপুরে খাবার শেষে দুজন একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। পরে ফারজানার পিতার বাড়ি রংপুরে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ফারজানা (২০) ছুরি দিয়ে স্বামীর পুরুষাঙ্গে আঘাত করেন। কাওসার গুরুতর রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন।
পরিবার ও স্থানীয়রা কাওসারকে দ্রুত উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত ওসমান তাকে ভর্তি করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ফারজানা বলেন, “পরিচয়ের পর থেকেই কাওসার নানা প্রলোভনে আমাকে আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করে। আমার দুটি সন্তান রয়েছে। সে আমার বাসার দুই লাখ টাকার মালামাল বিক্রি করে তিন মাস আগে আমাকে বিয়ে করে ওদের গ্রামে নিয়ে আসে। এরপর কাওসারের মা আমাকে ঘর থেকে বের হতে দেন না। আমার জীবন ধ্বংস হয়েছে, তাই আমি এ কাজ করেছি।”
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম সাউথ বাংলাকে বলেন, “এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাউথ বাংলা ডেস্ক 





















